স্যামসাংয়ে ব্যাপক রদবদল, একীভূত হলো মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশন

৭ ডিসেম্বর, ২০২১ ১৪:০৭  
ব্যবসায় প্রতিযোগিতাকে শক্তিশালী করতে কোম্পানিতে ঢেলে সাজাচ্ছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি তাদের মোবাইল ব্যবসায়কে কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের সাথে একীভূত করেছে। একইসঙ্গে সকল প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পরিবর্তন আনা হয়েছে। খবর এনগ্যাজেট। স্যামসাংয়ের টেলিভিশন ব্যবসায়ের প্রধান জং-হি হানকে নতুন একীভূত হওয়া মোবাইল অ্যান্ড কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ভাইস চেয়ারম্যান ও কো-সিইও হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ভিজ্যুয়াল ডিসপ্লের দায়িত্বও ছাড়ছেন না, বরং উভয় ব্যবসায়ের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে রয়টার্স। হানের মোবাইল ব্যবসায়ের অভিজ্ঞতা নেই, তবে গত ১৫ বছর ধরে বিশ্বব্যাপী টেলিভিশন বিক্রিতে শীর্ষস্থান ধরে রাখার অবদানকে স্বীকৃতি দিতে নতুন এই দায়িত্ব দেয়া হয়েছে। স্যামসাংয়ের প্রেসিডেন্ট কাইউন কয়াং কো-সিইও হিসেবে দায়িত্ব পেয়েছে এবং তিনি চিপ ও কম্পোনেন্ট ডিভিশনের নেতৃত্ব দেবেন। ডিবিটেক/বিএমটি